বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার রাজনৈতিকভাবে পরাজিত। তাদের কোনও রাজনৈতিক অবস্থান নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে। তাদের শিক্ষা দেওয়া হয়েছে, ভোট কীভাবে চুরি করতে হয়। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়ে তাদের নিয়ে ভাবছে, আগামীর রাষ্ট্র কীভাবে হবে সেটি নিয়ে চিন্তা করছে।’
রবিবার (১৬ এপ্রিল) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, ‘জনগণ এই সরকারের অধীনে নির্বাচন চায় না, জনগণ এই তাদের পদত্যাগ চায়। কারণ এই সরকার বিগত নির্বাচনে কী করেছে তা সবাই জানে। তাই আগে সরকারকে পদত্যাগ করতেই হবে। তারপর রাষ্ট্রের কাঠামো মেরামত করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ফিরে পাবে কি না সংশয় কাজ করছে। শুধু দেশের ভেতর নয়, দেশের বাইরেও এটি নিয়ে কথা উঠছে। সবাই বিএনপির দিকে তাকিয়ে। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা সড়কে আন্দোলনের মাধ্যমে দেশ ও বিদেশের কাছে বার্তা দিয়েছে, এই সরকারের বিদায় ছাড়া কোনও আপস নয়। এই সরকারের বিদায়ের জন্য যা যা করা দরকার বিএনপির নেতাকর্মীরা করবে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপি নেতা এস এম ফজলুল হক প্রমুখ।









