মারধরের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে মামলা করেছেন তপু প্রধান নামে এক ভ্রাম্যমাণ দোকানি। বৃহস্পতিবার (১৮ মে) রাত ১টায় নগরের আকবরশাহ থানায় মামলাটি করেন। কাউন্সিলর জসিমসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
মারধর, দোকানের মালামাল লুট ও চাঁদাবাজির অভিযোগে এ মামলা করা হয়েছে।
আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে এক ক্ষুদ্র ভ্রাম্যমাণ ব্যবসায়ী মামলা করেছেন। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আমি একজন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী। ক্রোকারিজ, সিরামকস্ ও মুদি মালামাল বিভিন্ন এলাকায় বিক্রি করি। এই ব্যবসা করে আমার পরিবার ও নিজের খরচ চালাই। এমতাবস্থায় প্রতিদিনের মতো ১৭ মে বিকাল ৪টায় আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ্ এলাকায় এইচ ব্লকে মোড়ে বেচাকেনার করার সময় আসামিরা এসে ‘তুই নাকি লটারি দিয়েছিস’ এই বলে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, লাথি ও কিল-ঘুষি মারতে থাকে।
তিনি আরও উল্লেখ করেন, আর চিৎকার করে গালিগালাজ করে বলতে থাকে কার পারমিশন নিয়ে আমার এলাকায় ব্যবসা করতেছস? আমার এলাকায় ব্যবসা করতে হলে অনুমতি লাগবে। চাঁদা ব্যতীত কোন ব্যবসা করা যাবে না। এলাকার সব ব্যবসায়ী আমাকে চাঁদা দিয়ে ব্যবসা করে, তুইও দিবি। আসামিরা আমার গায়ে থাকা টি-শার্টের কলার চেপে ধরে টেনেহিঁচড়ে লাথি, কিল, ঘুষি ও চড় থাপ্পড়ে দিতে থাকে। বিকাল ৫টার দিকে ডিউটিরত পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আসামিরা আমার ক্যাশে থাকা নগদ টাকা-পয়সা নিয়ে নেয় এবং আমার বেশ কিছু মালামাল লুটপাট ও ভাঙচুর করে।
এদিকে, পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর জসিমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।









