নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের প্রধান মো. স্বপন ওরফে সফাকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। স্বপনের বিরুদ্ধে রোগীদের ভয় দেখিয়ে চিকিৎসা সেবার নামে টাকা আদায়, জোর করে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে যেতে বাধ্য করা, রোগীর স্বজনদের মারধর, হাসপাতাল কম্পাউন্ডে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত স্বপন জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার মৃত হাফেজ আহমেদ পাটোয়ারীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন হাসপাতাল এলাকায় বড় একটি দালালচক্র রয়েছে বলে স্বীকার করেন। দালালচক্রের সদস্যরা হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে এবং কোন রোগী এলে তাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভালো চিকিৎসা সেবার নাম করে প্রাইভেট হাসপাতালে ভর্তির কথা বলে বিপুল অর্থ আত্মসাৎ করে। এছাড়া প্রাইভেট হাসপাতালে রোগী পাঠিয়ে বিরাট অঙ্কের টাকাও আদায় করে।
নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির পকেটে জেনারেল হাসপাতালে ভর্তির টোকেন পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হাসপাতাল এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দালাল চক্র থেকে সাধারণ রোগীদের রক্ষা করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








