চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬ জন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন করে আরও ২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ১৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে ৬৮৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৫৪ জন, নারী ১৭২ জন ও শিশু ১৬১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ২২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন; এর মধ্যে মারা গেছেন তিন জন। জুনে ২৮২ জন আক্রান্ত হয়েছেন; এর মধ্যে মারা গেছেন ছয় জন। এ ছাড়া মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হয়েছেন; এর মধ্যে মারা গেছেন তিন জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি। ডেঙ্গু চিকিৎসার জন্য পদক্ষেপ নিতে জেলা ও উপজেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে। পাশাপাশি মশা নিধনের জন্য সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।









