মীরসরাইয়ে সাপের কামড়ে মো. সাজ্জাদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জুলাই) দুপুরে নিজ বাড়িতে বিষাক্ত একটি সাপ তার পায়ে কামড় দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সাজ্জাদুল ইসলাম উপজেলার ৯নং মীরসরাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোটবাড়ীয়া গ্রামের মিজানুর রহমানের তৃতীয় সন্তান। সোমবার (২৪ জুলাই) সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ফরহাদ হোসেন জানান, সাজ্জাদুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে স্বেচ্ছায় অবসর নিয়ে বাড়ি চলে আসেন। রবিবার দুপুরে নিজ ঘরে ল্যাপটপ চালানোর সময় তাকে পায়ের নিচের অংশে কামড় দেয় সাপটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, সাপের কামড়ে আহত সাজ্জাদুলকে সব প্রক্রিয়া অনুসরণ করে প্রতিষেধক দেওয়া হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি মর্মান্তিক।









