নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন থেকে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এলাকায় কবিরাজি করতেন।
বুধবার (২৬ জুলাই) সকালে পুলিশ বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর সাগরিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে। মনোয়ারা বেগম ওই গ্রামের আজহারুল ইসলাম আজাদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর তিনি এক ছেলে ও এক মেয়েসহ বাড়িতে বসবাস করতেন। পরে তার ছেলে চট্টগ্রাম ও মেয়ে অন্যত্র থাকায় বাড়িতে একাই থাকতেন তিনি। কবিরাজি করা এ নারী সবসময় বাড়িতে একা থাকতেন।
প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তিনি নিজের বাড়িতেই ছিলেন। বুধবার সকালে স্থানীয় লোকজন তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে ঘরে ঢুকে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









