চট্টগ্রামের মীরসরাইয়ে এক যুগ আগে স্ত্রীকে খুনের ঘটনায় স্বামী প্রিয় লাল দাসকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
চট্টগ্রাম আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সুজাতা বালা দাসকে হত্যা মামলায় মোট ১৪ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায়ে প্রিয় লাল দাসকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই রায়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বিচার শুরুর পর থেকে পলাতক আছেন।
আদালত সূত্র জানায়, বিয়ের মাত্র ৯ মাস পর ২০১০ সালের ৮ ডিসেম্বর বিকালে সুজাতা বালা দাসের বাবা নিতাই চন্দ্র দাসকে জানানো হয় পারিবারিক কলহের জেরে তার মেয়ে আত্মহত্যা করেছেন। পরে মীরসরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মীরসরাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
পরে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়, আত্মহত্যা নয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে পুলিশের তদন্তে উঠে আসে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী প্রিয় লাল দাস।









