নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়া, ৩নং সর্তকতা সংকেত ও মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জোয়ারের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান বন্ধ রেখে উপকূলের কাছাকাছি থাকার জন্য বলা হয়েছে।
জানা গেছে, আজ সকাল থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ, হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-ভোলা স্টিমার ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঘুচাপের প্রভাবে হাতিয়ার মেঘনা ও পার্শ্ববর্তী বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চলছে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত। ভোর থেকে উপজেলায় বৃষ্টি ও প্রচণ্ড বেগে বাতাস বইছে। বাতাসের দমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি বেড়েছে।
এদিকে, আজ সকাল থেকে হাতিয়ার দমারচর এলাকায় একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছে। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল উদ্ধার অভিযানে নেমেছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।









