নোয়াখালী জেলা শহর মাইজদীর পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গণপূর্ত বিভাগের বেদখল জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে কয়েক কোটি টাকার জায়গা উদ্ধার করেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসকের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অর্ধশতাধিক পুলিশ সদস্য।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকমাস ধরে কয়েকজন প্রভাবশালী শহরের প্রাণকেন্দ্রে অনুমতি ছাড়া গণপূর্ত বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে শতাধিক স্থাপনা গড়ে তোলেন। এ ছাড়া নোয়াখালী সুপারমার্কেট সংলগ্ন স্থানে নতুন করে স্টিলের দোতলা ভবন নির্মাণ শুরু করেন। এসব বিষয়ে দখলের সঙ্গে জড়িতদের একাধিকবার মৌখিক ও লিখিত নোটিশ দিয়ে জানানো হয়।
সবশেষ মাইকিং করেও তাদের স্থাপনাগুলো সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা এসব বিষয়ে কর্ণপাত না করে স্থাপনাগুলো গণপূর্তের জায়গায় বহাল রাখে। তাই সরকারি জায়গা দখল মুক্ত করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় প্রায় শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি।
এ বিষয়ে নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলেন, গণপূর্তের দখল করা জায়গাগুলো উদ্ধারে আমরা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে শহরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে।









