ফেনীতে বিএনপির অবরোধে ট্রাক পোড়ানোর মামলায় নুরু উদ্দিন টিপু নামের এক যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নুরুল উদ্দিন টিপু সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা কমিটির সদস্য।
মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. হায়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, টিপুকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন জানান, টিপু উপজেলা যুবলীগের কমিটির সদস্য ও ধলিয়া ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে আছেন। তবে তাকে গ্রেফতারের খবর তিনি জানেন না।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) ভোরে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে ট্রাকভর্তি চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশে রওনা হন গাড়িচালক আবদুস সামাদ। ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর ওপর পৌঁছালে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
চালকের চিৎকারে অন্য গাড়ি থামালে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ওই দিন রাতে ট্রাক মালিক চট্টগ্রামের বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার উজ্জল বৈদ্য বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানায় মামলা করেন। তার দাবি, আগুন দেওয়ার ঘটনায় ট্রাকের যন্ত্রাংশ পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।









