দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট ও পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর রাত ৮টার দিকে বিক্ষোভ নিয়ে রাস্তায় নামেন জেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। তারা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা, পিকআপ, কাভার্ডভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করেন। তাদের বেপরোয়া ভাঙচুরের সময় এক গাড়িচালক ও কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর সার্কেল ইয়াসির আরাফাত, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মহসিন আলম ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাসুদ হোসেন বলেনন, এ ঘটনার পর অনেকক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ কর্মীরা সহায়তা করেছেন।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'তফসিল ঘোষণার পরই চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট ও পল্লীবিদ্যুৎ এলাকায় ১০-১৫টি গাড়ি ভাঙচুর করেছেন বিএনপির নেতাকর্মীরা। আমরা সেখানে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। সেখানে মোতায়েন করা হয়েছে। বিজিবি টহলে আছে।’









