ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের পেছনের দিকের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে সকাল ৯টা থেকে ঢাকার সঙ্গে আপ লাইনে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটির পেছনের বগির ৪টি চাকা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়া এলাকায় লাইনচ্যুত হয়। পরে ট্রেনের চালক প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এসে ট্রেনটি নিয়ন্ত্রণে আনেন। এতে রেললাইনের স্লিপার, ফিস প্লেট, হুক, নাট-বল্টুর ক্ষতি হয়।
এদিকে, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম শেখ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তারা জানান, বিকল্প পন্থায় ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ করতে অন্তত ৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তারা।









