কক্সবাজারের টেকনাফে নির্বাচনি প্রচারণায় হামলা চালিয়ে স্বতন্ত্রপ্রার্থীর লিফলেট ও পোস্টার কেড়ে নিয়ে ৭ তারিখের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ জেলা পরিষদ সদস্য জাফর আহমদের বিরুদ্ধে। এসময় সাবেক টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সদর ইউনিয়ন যুবলীগের আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফারুককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর ইউনিয়নের হাবিরছড়ায় নির্বাচনি প্রচারণাকালে এই ঘটনা ঘটে।
ঘটনার শিকার সোলতান মাহমুদ জানান, দুপুরে ঈগল মার্কার কর্মীদের নিয়ে হাবিরছড়া বাজারে লিফলেট বিতরণ করছিলেন তারা। এসময় জাফর আহমদ ও তার সহযোগীরা লিফলেট কেড়ে নিয়ে টেকনাফ সদর ইউনিয়নের আওতাধীন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুককে চড়-থাপ্পড় মারে। প্রতিবাদ করতে গেলে ৭ তারিখের আগে এলাকা না ছাড়লে গুম করে ফেলার হুমকি দেওয়া হয় সোলতান মাহমুদকে।
স্বতন্ত্রপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর জানান, বিষয়টি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিকভাবে অবগত করা হয়েছে।
অভিযুক্ত জাফর আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নির্বাচনে বিশৃঙ্খলা করার কোনও সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
জানতে চাইলে টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘প্রচারণাকালে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনও ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।'









