বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডেনিম প্রসেসিং প্ল্যান্ট নামের কুমিল্লার একটি পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বেলাশোর এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে রাখেন তারা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যান শ্রমিকরা। অবরোধের সময় মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।
কারখানাটির শ্রমিক কাকলী আক্তার বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। গত তিন মাস ধরে তারা আমাদের দুর্দশার কথাও শুনছে না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে নেমেছি।
কারখানার জরুরি নম্বরে যোগাযোগ করলে অপরপাশ থেকে কল রিসিভ করে পরিচয় না দিয়েই বলেন, এই বিষয়ে তাদের কোনও বক্তব্য নেই।
চান্দিনা থানার ওসি আহমেদ সানজুর মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দাবি পূরণের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়েছে শ্রমিকরা। এখন যানজট নেই। তবে সামান্য ধীরগতি আছে।
এদিকে, আজ সকালে মানিকগঞ্জের রাইজিং স্পিনিং মিলের প্রায় আড়াই হাজার শ্রমিক সরকার নির্ধারিত বেতন কাঠামোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেছেন। সকাল পৌনে ৯টা থেকে ওই টেক্সটাইল মিলের কর্মীরা এই অবরোধ শুরু করেন।









