চট্টগ্রামের ১৬টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৩টি। এর মধ্যে এক হাজার ৪৫৯টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলা পুলিশ। অর্থাৎ ৭২ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
এর মধ্যে নগরীর ছয়টি সংসদীয় আসনে ৬৬০টি কেন্দ্রের মধ্যে ৪৪৬টি কেন্দ্রই অর্থাৎ ৬৮ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং জেলায় ১০টি আসনের মধ্যে এক হাজার ৩৬৩টি কেন্দ্রের মধ্যে এক হাজার ১৩টি অর্থাৎ ৭৫ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, জেলার সাধারণ ভোটকেন্দ্রগুলোতে দুই জন অস্ত্রধারী পুলিশ, গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলোতে তিন জন অস্ত্রধারী পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১০ জন আনসার ও ভিডিপি সদস্য এবং এক অথবা দুই জন করে প্রতিটি কেন্দ্রে গ্রাম পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
অপরদিকে, নগরীর সাধারণ ভোট কেন্দ্রগুলোতে তিন জন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চার জন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং প্রতি কেন্দ্রে ১০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার প্রতি ১০টি কেন্দ্রের জন্য সিএমপির একটি মোবাইল টহল টিম মোতায়েন থাকবে। নগরীর সব ভোট কেন্দ্রের জন্য থাকবে ৪২টি স্ট্রাইকিং ফোর্স। ৬ ও ৭ জানুয়ারি অতিরিক্ত ১৫টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। নগরীর ছয় আসনে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এ ছাড়া সাত প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করবে।
উপজেলার আওতাধীন আসনগুলোতে ব্যাটালিয়ন আনসারের ১৩টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘নগরীর ছয়টি আসনে ৪৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চার জন এবং কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিন জন পুলিশ সদস্য এবং ১৫ জন আনসার সদস্য থাকবে। পাশাপাশি মোবাইল টিম, থানা এবং কন্ট্রোল রুমে স্ট্রাইকিং ফোর্স থাকবে। সোয়াট, বোমা ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের কে-নাইন ইউনিটকেও স্ট্রাইকিং হিসেবে রাখা হবে। নির্বাচনকে কেন্দ্র করে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এর একটি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত, একটি নির্বাচনের দিন এবং অপরটি নির্বাচন পরবর্তী সময়ের জন্য।’
চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৩ লাখ সাত হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৩ হাজার ২৫৫ জন। নারী ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৫৬ জন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলী বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ইতোমধ্যে অধিকাংশ আসনে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে গেছে।’









