জমে উঠেছে কুমিল্লার উপজেলা পরিষদ নির্বাচন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীর সঙ্গে ভোট চাইতে পুরোদমে মাঠে নেমেছেন পরিবারের লোকজনসহ স্বজনেরা।
প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদের (আনারস প্রতীক) জন্য ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন ভাবি সাদিয়া সাবা। তিনি কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের সহধর্মিণী। বুধবার (২২ মে) বিকালে দেবিদ্বার পৌর এলাকার দোকানে দোকানে গিয়ে মালিক, কর্মচারী ও সাধারণ ভোটারদের নিকট আনারস প্রতীকের প্রার্থী দেবর মামুনুর রশিদের জন্য ভোট চান তিনি। দেবিদ্বারকে আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে আনসার মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলকে অনুরোধ করেন।
এ সময় সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের সহধর্মিণী সাদিয়া সাবার সঙ্গে গণসংযোগে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুন্নাহার, রাজামেহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেখা আক্তার, রাজামেহার ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াছমিন আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী আঁখি নূর, সুমাইয়া আক্তার, পারভীন আক্তার, তানিয়া আক্তার, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয় হানিফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন খান সবুজ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রাকিব, রাসেল আহমেদ সরকার, নাজমুল হাসান সরকার, কলেজ ছাত্রলীগ নেতা মো. সজল মিয়া, সাইফুল ইসলাম ও মো. নাঈম হাসান প্রমুখ।
উল্লেখ্য, মামুনুর রশিদ ছাড়াও এই উপজেলায় প্রার্থী হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর স্ত্রী শাহিদা আক্তার ও তার মেয়ে খাদিজা বিনতে রোশন।









