লক্ষ্মীপুরের রহমানিয়া তালিমুল কোরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ ছয় ছাত্রসহ শিক্ষক জসীম হোসাইনকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে চাঁদপুরের দক্ষিণ মতলব থানার গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার এসআই পুষ্প বিহার চাকমা জানান, সোমবার ভোররাতে রহমানিয়া তালিমুল কোরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছয় ছাত্রসহ শিক্ষক জসিম উদ্দিন নিখোঁজ হন। এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম সোমবার রাতে চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আজ বিকালে চাঁদপুরের দক্ষিণ মতলব থানার গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ছাত্ররা হলো- সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুরের রহমানিয়া তালিমুল কোরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মনির হোসেন (১০), আব্দুল্লাহ আল ইমন (১০), রাসেল (১১), সৌরভ (১৩), রবিউল (১২) ও মুরাদ হোসেন (১২)।
নিখোঁজ ছাত্রদের অভিভাবকরা অভিযোগ করেন, রবিবার রাত ৩টার দিকে একটি সিএনজিচালিত বেবিট্যাক্সিযোগে ছাত্রদের অজ্ঞাত স্থানে নিয়ে যান ওই শিক্ষক। পাচারের উদ্দেশে অজ্ঞাত কোনও স্থানে তাদের লুকিয়ে রাখা হয় বলে তাদের ধারণা।
স্থানীয় সূত্র জানান, দুই মাস আগে মাদ্রাসায় হিফ্জ বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন হাফেজ জসিম হোসাইন। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে। সম্প্রতি মাদ্রাসা কমিটির সঙ্গে বিভিন্ন ইস্যুতে তার বিরোধ বাঁধে। সোমবার সকালে নিখোঁজের বিষয়টি জানাজানি হলে জড়িত সন্দেহে এক সিএনজি চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন দিঘলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসমাঈল হোসেন।
/বিটি/এজে







