লক্ষ্মীপুরের দুই পৌরসভার ৪ কোটি ৭৮ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৭ জুন ২০২৪, ১৯:৪১আপডেট : ২৭ জুন ২০২৪, ২০:৪৩

লক্ষ্মীপুরের দুই পৌরসভার কাছে চার কোটি টাকা ৭৮ লাখ টাকা বিদ্যুৎ বিল পাওনা রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। নিয়মিত বিল পরিশোধ না করায় বিপুল পরিমাণ এই অর্থ বকেয়া পড়ে আছে। বিলের জন্য একাধিকবার চিঠি দিলেও পরিশোধ করেনি দুটি পৌরসভা।

এ অবস্থায় বিল আদায়ে মঙ্গলবার (২৫ জুন) লক্ষ্মীপুর পৌরসভার দুটি সংযোগ কেটে দেন পিডিবির কর্মীরা। পরে তিনটি মিটার সংযোগের বিপরীতে ২৭ লাখ টাকা বকেয়া পরিশোধ করে পৌর কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ জুন) ওই দুটি মিটারের সংযোগ আবার দেওয়া হয়। একইসঙ্গে এক মাসের মধ্যে বকেয়া পরিশোধ করবে বলে মুচলেকা দেয় পৌর কর্তৃপক্ষ।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করে লক্ষ্মীপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়ে আমরা কয়েক দফা চিঠি দিয়েছি। এরপরও বিল পরিশোধে তারা কোনও উদ্যোগ নেয়নি। সেজন্য লাইন কেটে দেওয়া হয়েছিল। পরে বিল পরিশোধের নিশ্চয়তা দেওয়ার পর আবার সংযোগ দেওয়া হয়েছে। আগামী এক মাসে বকেয়া সব টাকা পরিশোধের প্রতিশ্রুতিতে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়েছে। তবে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

পিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে পিডিবির লোকজন পৌরসভার পুরোনো গো-হাটা সড়কে পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ এবং পৌর আধুনিক বিপণিবিতানের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ওই দুটি সংযোগ এবং পৌর সুপার মার্কেটের মিটার সংযোগ বাবদ বকেয়া বিলের মধ্যে ২৭ লাখ টাকা জমা দেয় পৌর কর্তৃপক্ষ। বিকালের দিকে বিচ্ছিন্ন থাকা দুটি মিটার আবার চালু করে দেয় পিডিবি। তবে দীর্ঘ সময় পানির পাম্পের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সাময়িক সময়ের জন্য পৌরসভার একাংশে পানির সংকট দেখা দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের মে মাস পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন বিদ্যুৎ মিটারের বিপরীতে পিডিবি চার কোটি ২১ লাখ টাকা বকেয়া পাওয়া ছিল। বিভিন্ন সময়ে বিল পরিশোধে পৌরসভাকে তাগাদা দেয় পিডিবি। কিন্তু বিষয়টি আমলে নেয়নি পৌর কর্তৃপক্ষ। গোডাউন সড়কের পানির পাম্পের যে মিটার সংযোগটি রয়েছে, তাতে গেল বছরের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ছিল ৭৮ লাখ ৬৯ হাজার ৪২০ টাকা। পরে ওই মাসে পৌরসভা তিন লাখ টাকা বিল পরিশোধ করে। চলতি বছরের মে মাস পর্যন্ত ওই মিটারে বিলের বকেয়া দাঁড়ায় ৮৯ লাখ ৭ হাজার ১৮৪ টাকা। পৌর আধুনিক বিপণিবিতানের বকেয়া জমা হয়ে আছে ১৮ লাখ ৯০ হাজার ২৫৭ টাকা। আর পৌর সুপার মার্কেটের বকেয়া প্রায় ৪০ লাখ টাকা। গত ২৬ মে বকেয়া পরিশোধে জন্য পৌরসভাকে সর্বশেষ নোটিশ দিয়েছে পিডিবি। বিল পরিশোধের সময়সীমা দেওয়া হয় ৬ জুন পর্যন্ত। কিন্তু বিল পরিশোধ না করায় মঙ্গলবার দুটি সংযোগ কেটে দিলে তিনটি সংযোগের বকেয়ার বিপরীতে মাত্র ২৭ লাখ টাকা পরিশোধ করে পৌরসভা। বর্তমানে বকেয়ার পরিমাণ তিন কোটি ৯৬ লাখ টাকা। 

অপরদিকে, রায়পুর পৌরসভার বকেয়া বিল ৫৭ লাখ টাকা এবং শহরের ১১তলা গাজী কমপ্লেক্সে বকেয়া বিল প্রায় ৯ লাখ টাকা। বিল পরিশোধ না করায় গাজী কমপ্লেক্সের সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে গত দুই দিন। 

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানভীর আহমেদ পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পৌরসভায় আমাদের এক টাকাও বকেয়া নেই পানির বিল। জানামতে অন্য গ্রাহকদেরও পানির বিল বকেয়া রাখার সুযোগ নেই। তারপরও গোডাউন রোডের পানির পাম্পের এত টাকা বিদ্যুৎ বিল বকেয়া। এজন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। যা খুবই দুঃখজনক। বুধবার দিনের বেলায় পানি না পাওয়ায় খুবই সমস্যায় পড়তে হয়েছে আমাদের।’

ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা জানিয়েছেন প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল ও ভাড়া দিয়ে থাকি। কিন্তু কর্তৃপক্ষ পিডিবিকে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। এটি ব্যবসায়ীদের দোষ নয়। তারপরও বুধবার আমরা শাস্তি পেয়েছি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল আমাদের মার্কেট। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর দায় পৌর কর্তৃপক্ষ এড়াতে পারে না।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, ‘চার কোটি ২১ লাখ টাকার সবগুলো বিদ্যুৎ বিল বকেয়া আমার দায়িত্বকালীন সময়ের নয়। বেশিরভাগ বকেয়া পূর্বের মেয়র রেখে গিয়েছেন। তবে আমি চেষ্টা করছি, দ্রুত পরিশোধ করার। সাময়িক সমস্যার জন্য পৌর বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থী আমি।’ 

রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল বলেন, ‘বেশিরভাগ বকেয়া সাবেক মেয়র রেখে গেছেন। গাজি কমপ্লেক্সের বকেয়াসহ সবগুলো বিল পরিশোধ করতে বলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম