ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে প্রতিপক্ষের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ককটেলের স্প্রিন্টার বিদ্ধ হয়ে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে বিলকেন্দুয়াই গ্রামের হাজী বাড়ির মোখলেছ মিয়ার বসত ঘরে এ ককটেল হামলার ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহত তিন যুবককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন বিলকেন্দুয়াই গ্রামের হাজী বাড়ির মোখলেছ মিয়ার ছেলে আব্দুর রহমান (২৫), নুরুল ইসলামের ছেলে আলিম (২৩) ও আকরাম আলীর ছেলে নিয়ামুল ইসলাম (২০)। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সদর হাসপাতাল থেকে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।
জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে আহতদের স্বজনরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার ওই গ্রামের একরামুদ্দি হাজী বাড়ি ও খাঁ বাড়ির লোকদের মধ্যে দুইঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে ‘খাঁ বাড়ির লোকেরা’ রাতে মোখলেছ মিয়ার ঘরে বসে টেলিভিশনে টি-২০ বিশ্বকাপ খেলা দেখার সময় তিন যুবককে লক্ষ্য করে জানালা দিয়ে ককটেল ছুড়ে। এতে ঘটনাস্থলেই ককটেল বিস্ফোরিত হয়ে তিনজন মারাত্মক আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এইচকে/








