রাঙামাটিতে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহপাঠী বন্ধুর মৃত্যু হয়েছে। আহত আরেক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শহরের তবলছড়ি স্বর্ণটিলা নামক এলাকায় হ্রদ গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলো- শহরের শাহবহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্নব চৌধুরী (১৫) ও এডিশন সাহা (১৬)। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিবম দাশ গুপ্তকে (১৪) আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, তিন বন্ধু দুপুরে হ্রদে গোসল করতে নামে। এ সময় লাইফ জ্যাকেটের মতো কিছু একটা নিয়ে দুই বন্ধু ঘাট থেকে দূরে যায়। পরে সেটি হাত থেকে সরে গেলে দুজনই ডুবে যায়। আরেক বন্ধু সাহায্য করতে গিয়ে সেও ডুবে যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন হ্রদ থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
উদ্ধারকারী মো. কুদ্দুস আলী বলেন, আমি নামাজের জন্য যাচ্ছিলাম, তখন চিকিৎসার শুনে দ্রুত পানিতে নেমে ডুব দিয়ে প্রথমে অর্নব ১০ মিনিট পর শিবম দাশকে উদ্ধার করি। পরে প্রায় ৩০ মিনিট পর এডিশন সাহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
এডিশন সাহার বাবা অমিত সাহা বলেন, আমার একমাত্র ছেলে ছিল। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেলো।
রাঙামাটি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তিশা চাকমা জানান, দুপুরে পানি ডুবে যাওয়া তিন জনকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই দুজনের মৃত্যু হয়। তবে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।









