কুমিল্লার বরুড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার পৌর সদর বাজারের জিরো পয়েন্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যা করে ভাতিজা।
জানা গেছে, নিহত কামাল হোসেন (৩৮) বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বরুড়া পৌর সদরের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত মোহাম্মদ শামসুর নিহত কামাল হোসেনের ভাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, স্বেচ্ছাসেবকদল নেতা কামাল হোসেন বরুড়া পৌর বাজারে ফলের ব্যবসা করতেন। বুধবার (৭ আগস্ট) দুপুরে বরুড়া পৌর সদরের জিরো পয়েন্টের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বসেছিলেন তিনি। এ সময় টাকা সম্পত্তি ও মামলা বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়।
বাগবিতণ্ডার মধ্যে ভাতিজা মোহাম্মদ শামসুর হাতে থাকা ছুরি কামাল হোসেনের গলায় ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির কমিশনার বলেন, খুনিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এই ঘটনার তীব্র নিন্দা জানায়।
বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।








