কক্সবাজারে টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে সাবেক এমপি আব্দুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে এই লিখিত অভিযোগ দেন। এতে অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের বিতর্কিত সাবেক এমপি আব্দুর রহমান বদির নেতৃত্বে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন পেট্রোল পাস্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইনসহ আরও বেশ কটি স্থাপনায় সশস্ত্র হামলা চালানো হয়। এতে ব্যাপক গুলি ও ভাঙচুরের পাশাপাশি দোকান লুটপাট করে তার অনুসারীরা।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’









