নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুকের করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২১ আগস্ট) বিকালে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নোমান মহিউদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির সাবেক সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করেন। পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।
এতে তারেক রহমানকে আসামি করে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। পরে মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তৎকালীন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা জজ আদালতের কৌঁসুলি দেবব্রত চক্রবর্তী।
তারেক রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন- জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
আইনজীবী রবিউল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।









