চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত দুই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তারা মারা যান।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই জনের মধ্যে একজনের নাম শাকিলা আক্তার (২৬) ও অপর জনের নাম শান্তা সর্দার (২০)। এর মধ্যে শাকিলা আক্তার ৯ সেপ্টেম্বর এবং শান্তা সর্দার ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রামে সেপ্টেম্বর মাসে মোট চার জনসহ এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯ জন মারা গেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১২ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া চলতি বছর মোট ৭১৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৮৫, মহিলা ১৮৫ ও শিশু ১৪৫ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।









