চট্টগ্রামে বন্ধুকে বেঁধে রেখে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবুল কালাম (২৮) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে আবুল কালাম নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার ১৬ বছর বয়সী ওই কিশোরী তার কিশোর বন্ধুকে নিয়ে কুমিল্লা থেকে পালিয়ে ট্রেনে করে চট্টগ্রামে আসেন। তাদের বাড়ি কুমিল্লায়। ছয় মাস আগে ওই বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তারা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী স্টেশনে নামেন। সেখানে তাদের কাছে থাকা একমাত্র মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। সেখান থেকে সিএনজি অটোরিকশায় করে তারা নগরীর খুলশী এলাকায় আসে। এক সিএনজি অটোরিকশা চালক তাদের দক্ষিণ খুলশী এলাকায় এনে নামিয়ে দেন।
তারা সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে আবুল কালাম ও তার সঙ্গে থাকা তিন যুবক মিলে তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলে একটি ভবনে নিয়ে যায়। সেখানে কিশোর বন্ধুকে একটি কক্ষে আটকে রেখে চার জন ওই কিশোরীকে ধর্ষণ করে। রাত স্থানীয়রা খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন।
খুলশী থানার ওসি মুজিবুর রহমান বলেন, চট্টগ্রামে বন্ধুর সঙ্গে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান চলছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।









