চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন উপলক্ষে মিলাদ ও কেককাটাকে কেন্দ্র করে নয়াহাট বাজার এলাকায় হামলা সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতের এই ঘটনায় উত্তপ্ত এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের মহড়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ করা হয়।
এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে কয়েকটি মসজিদে দোয়া ও নয়াহাট বাজারে কেক কাটেন নেতাকর্মীরা। ওই অনুষ্ঠানের ছবি সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৮টায় নয়াহাট বাজারে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকারের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। কিছু সময় পর ফের অপর পক্ষের হামলায় বিএনপি নেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের ঘটনায় স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমান গাজী ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসা নেন।
এই ঘটনায় নয়াহাট বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েকবার টহল দেন এবং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করেন।
এদিকে এই ঘটনায় রবিবার বিকালে ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কালুর সভাপতিত্বে চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হানিফ সরকার বলেন, নয়াহাট এলাকায় দুই গ্রুপের মারামারির ঘটনায় কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।









