চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ‘গুলজার’ নামে একটি আবাসিক হোটেলে থেকে লিপি আক্তার নামে এক তরুণীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ অক্টোবর) রাত ৮টায় হোটেলের বাথরুম থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছেন ফরহাদ নামে এক ব্যক্তি। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে। তাকে খুঁজছে পুলিশ।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সবেদ আলী জানান, শনিবার (১৯ অক্টোবর) স্বামী-স্ত্রী পরিচয়ে দুই জন হোটেল গুলজারে রুম ভাড়া নেন। আজ কোন একসময়ে স্বামী পরিচয় দেওয়া লোকটি পালিয়ে যান। পরে রুমে কোনও সাড়া না পেয়ে হোটেলের লোকজনের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ হোটেলের ওই কক্ষের শৌচাগারে থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। তখন রুমে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফরহাদ নামে এক যুবক লিপি আক্তারকে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলের কক্ষ ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, ওই দিন রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কোনও একসময়ে ওই তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছে। লাশটি কক্ষের শৌচাগারে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং হাত-পা পেছনে মুড়িয়ে বাঁধা অবস্থায় ছিল।









