চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০ জন সরকারি হাসপাতালে এবং দুজন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রামে চলতি বছর এ পর্যন্ত তিন হাজার ৭৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৯ জন, নারী এক হাজার ৪৮ জন এবং শিশু ৬৯২ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর মোট ৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে রয়েছেন পুরুষ ১৫ জন, নারী ২০ জন এবং শিশু চার জন। আক্রান্তদের মধ্যে মহানগরের দুই হাজার ৪২৯ জন এবং জেলার অন্যান্য স্থানের এক হাজার ৩২০ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন লোহাগাড়ায় ২০৯ জন। এ ছাড়া সীতাকুণ্ডে ১৮৮, রাউজানে ১৫৭, সাতকানিয়ায় ১৫৩, পটিয়ায় ৯০, চন্দনাইশে ৮৪, বাঁশখালীতে ৭৯, কর্ণফুলীতে ৬২ জন ও হাটহাজারীতে ৫৯ জন আক্রান্ত হন।









