কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদে সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২২ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদের মেম্বার পোস্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির পৃথক দুটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নদের তীরে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে নদ সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়।
বিজিবির এই কর্মকর্তা বলেন, অভিযানের এ পরিস্থিতিতে পাচারকারিদের আরও কয়েকজন আলিখালের দিকে যেতে দেখে বিজিবির সদস্যরা ধাওয়া দেয়। পরে লোকগুলো নদী সাঁতরে খরেরদ্বীপ হয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারিদের বিভিন্ন স্থানে ফেলে যাওয়া পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় চার লাখ ৫০ হাজার ইয়াবা। উদ্ধার করা মাদকের চালান পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে।









