কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছেন কলেজের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (২২ জানুয়ারি) কলেজের ডিগ্রি শাখায় মানববন্ধন করেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
২০ মিনিটের মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের রুমে যা হয়েছে তা শৃঙ্খলাবিরোধী। তারা বহিরাগত ছিল। তারা অধ্যক্ষ মহোদয়কে অবরুদ্ধ করার চেষ্টা করে। আমরা ভিক্টোরিয়া কলেজের শিক্ষা কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি কলেজের মর্যাদা, ধর্মীয় অনুভূতি সব যেন ঠিক থাকে।’
মানববন্ধনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, ‘আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষক-কর্মচারী যারা ক্ষুব্ধ হয়েছেন, আপনাদের অনুভূতিকে আমি ধারণ করি। দুপুর থেকে অনার্স দ্বিতীয় বর্ষের কেন্দ্রীয় পরীক্ষা আছে। পরীক্ষা চলবে। প্রশাসনিক কার্যক্রম চালানোর অনুরোধ করছি।’
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি কলেজের ডিগ্রি শাখার মসজিদে সাদ ও জোবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সোমবার (২০ জানুয়ারি) তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিম বন্ধের ঘোষণা দিয়েছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। এ বিষয়ে দীর্ঘদিনের মতবিরোধে মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করেন কলেজের নজরুল হলের আবাসিক শিক্ষার্থী ও ধর্মপুরের স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অধ্যক্ষের সঙ্গে তুমুল তর্কবিতর্কে জড়িয়েছেন মসজিদের মুসল্লি ও ছাত্ররা।








