বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ‘আনোয়ারা ড্রেস মেকার্স’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৩ জানুয়ারি) সকালে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।
বিকাল ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবরোধ অব্যাহত রয়েছে। তবে বিকল্প কয়েকটি সড়ক দিয়ে যান চলাচল করার ফলে যানজট ভয়াবহ আকার ধারণ করেনি।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
ফাতেমা আক্তার নামে কারখানাটির এক শ্রমিক বলেন, মালিকপক্ষ বলেছিল ২৯ জানুয়ারি বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু এখনও বেতন পরিশোধ করেনি। এভাবে এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, বেতনের নিশ্চয়তা না পেলে সড়ক ছাড়বেন না তারা।
বায়েজিদ থানার ওসি আরিফ হোসেন বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
শ্রমিকদের পাওনার বিষয়ে জানতে পোশাক কারখানাটি ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি।
এ প্রসঙ্গে চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান বাংলা ট্রিবিউনকে বলেন, বেতনের দাবিতে আনোয়ারা ড্রেস মেকার্স নামে একটি পোশাক কারখানার কয়েক শত শ্রমিক সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পোশাক কারখানাটির মালিক যাচ্ছেন। তিনি কখন বেতন দেবেন তা সেখানে ঘোষণা দেবেন। শ্রমিকরাও এটা চাচ্ছেন।









