লক্ষ্মীপুরে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে চার সাংবাদিককে মারধর ও গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে উত্তর তেমুহনী এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্যসচিব আনিস কবির ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল নুর প্রমুখ।
এতে বক্তারা বলেন, পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে। ৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের চার সাংবাদিকের ওপর হামলা করা হয়। একপর্যায়ে তাদের হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গুলি লক্ষ্যচ্যুত হওয়ায় তারা বেঁচে গেছেন। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।









