চট্টগ্রাম অভিযানে আসা পুলিশ দেখে আতঙ্কে অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা। নিহতের নাম লাল মিয়া (৬০)। তিনি নগরের খুলশী থানা ডেবারপাড় সি ইউনিট আওয়ামী লীগের সহকারী আপ্যায়ন সম্পাদক ছিলেন। রবিবার (২ মার্চ) বিকালে নগরের খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
কুসুমবাগের রাজীব ভবনের নিচ তলায় মুদির দোকান করতেন লাল মিয়া। তার বাড়ি বরিশালে। পরিবার নিয়ে তিনি কুসুমবাগ এলাকাতেই থাকতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে আছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, রবিবার বিকালে মোটরসাইকেল নিয়ে খুলশী থানার এসআই রবিউল আলমসহ দুই পুলিশ সদস্য লাল মিয়ার মুদির দোকানের সামনে নামেন। মামলার বিষয়ে লাল মিয়ার সঙ্গে কথা বলতে চান পুলিশ সদস্যরা। তখন ভয়ে-আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লাল মিয়া। পরে তাকে বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলেছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ প্রসঙ্গে খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, থানার এসআই রবিউল অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা এক আসামিকে গ্রেফতার করতে গিয়েছিলেন। লাল মিয়ার দোকানের পাশেই ওই আসামির বাসা। এ কারণে আসামি সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। কোনও ভয়ভীতি দেখাননি। লাল মিয়া বয়স্ক মানুষ এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় হয়তো ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে তার বিরুদ্ধে ৫ অগাস্ট এর আগে বা পরের সময়ের কোনও মামলা আমাদের থানায় নেই।









