কক্সবাজারের মহেশখালীতে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়ার ছুলফাঁড়ি এলাকার রাজিয়া বেগম (৩৫), মহেশখালী উপজেলার আঁধারঘোনা এলাকার নুরুল আলম (৪০) ও মোহাম্মদ সৈয়দ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহেশখালীর কালারমারছড়া অভিমুখী একটি পিকআপ চকরিয়া অভিমুখী সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ৪জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ২জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ১জন মারা যায়। অপরজন যাত্রী ভাগ্যক্রমে বেচে যায়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল চন্দ্র বণিক সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও সিএনজি জব্দ করেছে। পিকআপ চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।
/এইচকে/







