চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সুমাইয়া জান্নাত (২০)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, বিআইটিআইডি হাসপাতালে ৩, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ ও বেসরকারি হাসপাতালগুলোতে ৩ জন করে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৭৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন পাঁচ জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ৩০২ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৩৪৬ জন নগরীর এবং ৪০১ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৪০৯ জন পুরুষ, ২১৯ জন নারী ও ১১৯ জন শিশু রয়েছে।
চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৪০১ জন আক্রান্তদের মধ্যে বাঁশখালীতে ১১৮, সীতাকুণ্ডে ১০২, লোহাগাড়ায় ৩৩, সাতকানিয়া ৩০, আনোয়ারায় ২৮, রাউজান ও কর্ণফুলীতে ১৫ জন করে, পটিয়ায় ১১, মীরসরাইয়ে ১০, হাটহাজারীতে ৯, চন্দনাইশ, বোয়ালখালী ও রাঙ্গুনিয়ায় ৭ জন করে, ফটিকছড়িতে ৬ জন এবং সন্দীপে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।









