বিএনপির সঙ্গে নয়, এনসিপি-এবি পার্টিসহ গঠিত হচ্ছে নতুন জোট: মঞ্জু

ফেনী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ১৯:২৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:২৩

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‌‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে। জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে আমাদের।’ 

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ফেনী শহরের একটি গণমিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনসংযোগ শুরু করেছেন মঞ্জু। এরই অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জোট গঠনের বিষয়ে মঞ্জু বলেন, ‘জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে। জোট ঘোষণার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টি চেয়ারম্যান বলেন, ‘সুযোগ থাকার পরও বিএনপির সঙ্গে জোটে যাইনি। কারণ, বিএনপির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার আছে। তবে বিএনপি আমাদের জন্য কিছু সিট খালি রেখেছে—বিষয়টি সত্য নয়। বরং এসব প্রশ্নে আমরা বিব্রত হই। বিএনপি একটি পুরোনো দল, তারা তাদের মতো করে নির্বাচনি প্রক্রিয়ায় এগোচ্ছে। আমরা নতুন দল হিসেবে আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি।’

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনও সংশয় দেখছি না জানিয়ে মজিবুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থেকে যায়। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও আন্তরিক হতে হবে। ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে নিজের ঘাটলা বা বাড়িতে সালিস দরবার করবো না। প্রশাসনকে কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ এবং বাজার বা স্কুল কমিটির নির্বাচনে হস্তক্ষেপ করবো না। বরং জেলা প্রশাসকসহ সব সরকারি দফতরে সৎ ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ের চেষ্টা, সরকারি দফতরে কাজের জবাবদিহি নিশ্চিত করা, সরকারি বরাদ্দের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো।’

সংস্কার প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, ‘অভ্যুত্থানের পর সবাই মুক্তভাবে রাজনীতি করছে, এটা একটা বড় অর্জন। এখন যে কেউ সরকারপ্রধানের কড়া সমালোচনা করতে পারছেন, এটি কিছুদিন আগেও সম্ভব ছিল না। প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি কেউ থাকতে পারবেন না এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলের মতামত নেওয়া বাধ্যতামূলক করার মতো সংস্কার বাস্তবায়িত হলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ অনেক পরিবর্তিত হবে।’

ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক আহসানুল্লাহর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম। উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম, মামুন আনসারী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী।

/এএম/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি