চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জান্নাতুল ফেরদৌস (৩২) নামে এক মা। এতে পানিতে ডুবে মেয়ে রাইসা আক্তারের (৮) মৃত্যু হলেও ফায়ার সার্ভিসের টিম মাকে জীবিত উদ্ধার করেছে। বর্তমানে মা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এ ঘটনা ঘটে। নিহত রাইসা উপজেলার বারখাইন ইউনিয়নের প্রবাসী কায়সারের মেয়ে। দুই ছেলে এক মেয়ের মধ্যে রাইসা সবার ছোট এবং সে উপজেলা সদরের এক কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার জানান, শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস নাতনিকে নিয়ে খালে ঝাঁপ দিয়েছে। এ ঘটনার জন্য মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেন তিনি।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক ভ্যানচালকের কাছে খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। মেয়েটির মৃত্যু হয়েছে। মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর মাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’








