ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৯৬৫ ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ৬৫৩টি ভোটকেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নগর ও জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলা ও মহানগরী মিলে ১৯৬৫ ভোটকেন্দ্রের মধ্যে ৬০৭টি সিএমপির ১৬ থানার অধীনে। আর ১৩৫৮টি কেন্দ্র জেলা পুলিশের ১৭টি থানার অধীনে।
কেন্দ্রগুলোকে ‘অধিক গুরুত্বপূর্ণ’, ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করে তালিকা করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল বলেন, জেলার ১৭টি থানার অধীনে থাকা এক হাজার ৩৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৪৩টি অধিক গুরুত্বপূর্ণ, ৬৮৮টি গুরুত্বপূর্ণ এবং ৩২৭টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, সিএমপির ১৬ থানার অধীনে থাকা মোট ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৩১০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ, ১৫০টি কম গুরুত্বপূর্ণ ও ১৪৭টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে এবার ২৫টি রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১১৫ প্রার্থী।









