চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ (অক্সিজেন) শিল্প এলাকায় সরকারি লিজ করা জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ দুই জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৮ মার্চ) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
এতে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিরা হলেন- বি কে টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ ও চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার আবু তালিব খান।
মামলা করার বিষয়টি নিশ্চিত করেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ১৯৫৭ সালে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় শিল্প প্লট নং ২৩৩, ২৩৩এ, ২৩৪ ও ২৩৪এ এর মোট প্রায় ৫.২০ একর জমি ৯৯ বছরের জন্য পাকিস্তান অক্সিজেন লিমিটেডের নামে লিজ দেয়। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন হয়ে বর্তমানে লিন্ডে বাংলাদেশ লিমিটেড হয়েছে। লিজ চুক্তির শর্ত অনুযায়ী, সরকারের পূর্বানুমতি ছাড়া এ জমি বিক্রি বা বন্ধক রাখা যাবে না।
তবে অভিযোগ রয়েছে, ২০০৯ সালে উক্ত জমি ১২ কোটি ৫১ লাখ টাকায় সাফ-কবলা দলিলের মাধ্যমে বি কে টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের কাছে বিক্রি করা হয়। এতে লিজের শর্ত ভঙ্গ করা হয়েছে বলে দুদক মনে করছে।
দুদকের অনুসন্ধানে আরও জানা গেছে, সরকার অনুমতি না দিলেও ২০১০ সালে ওই শিল্প প্লটগুলো ব্যাংক এশিয়া লিমিটেডের খাতুনগঞ্জ শাখায় একটি প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে অতিরিক্ত জামানত হিসেবে বন্ধক রাখা হয়।
এ ছাড়া ২০২৩ সালে পূর্বের সাফ-কবলা দলিল সংশোধনের নামে একটি ঘোষণাপত্র দলিল সম্পাদন করা হয়, যেখানে মূল বিক্রয় দলিলকে ‘হস্তান্তর দলিল’ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। তবে এতে পূর্বের দলিলদাতা প্রতিষ্ঠানের কোনও স্বাক্ষর বা অনুমোদন পাওয়া যায়নি।








