চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিমুল্লাহ সেলিম। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী। তারা তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান বলেন, ‘জিম ফজলুল হক ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে চিকিৎসা নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ও দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুরের বাবুরহাটে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানের দাফন করা হবে।’
জিএম ফজলুল হক দীর্ঘদিন ধরে চাঁদপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।
তার রাজনৈতিক সময়ে চাঁদপুর সদর ও হাইমচর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ভূমিকা রাখেন। এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা, দলীয় নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং নির্বাচনী রাজনীতিতে দৃঢ় অবস্থানের কারণে তিনি দীর্ঘ সময় এ আসনের রাজনীতিতে প্রভাব বিস্তার করেন। তার উদ্যোগে সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে ছিলেন সক্রিয়। ২০০৮ সালে সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ডা. দীপু মনির কাছে পরাজিত হন। এরপর থেকে এ আসনে রাজনৈতিক নতুন মেরুকরণ তৈরি হয়।









