মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব

ফেনী প্রতিনিধি 
২৯ জুন ২০২৬, ২০:০০আপডেট : ২৯ জুন ২০২৬, ২১:০২

ফেনীর ফুলগাজীতে নিজ বাড়ি থেকে গৃহবধূ কুলসুম কাজলের হাত-পা বাঁধা লাশ উদ্ধারের রহস্য উদঘাটনের দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় ওই নারীর এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার উত্তর ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ হত্যার ঘটনার রহস্য উন্মোচনের কথা জানায় র‌্যাব। র‌্যাব-৭ ফেনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান। পরে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানানো হয়।

শনিবার ভোরে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছিল। নিহত কুলসুম কাজল (৩৫) ওই এলাকার কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। এ ঘটনায় গ্রেফতারকৃত যুবকের নাম মো. আরিফুল ইসলাম (৩১)। তিনি একই গ্রামের মো. রসুল মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক।

র‌্যাব জানায়, ঋণের কিস্তির টাকা জোগাড় করতে চুরির উদ্দেশ্যে ওই নারীর ঘরে ঢুকেছিলেন আরিফুল। তবে ঘুম থেকে উঠে পড়ায় পরে ওই নারীকে হাত-পা বেঁধে মাথায় আঘাত করেন তিনি। এরপর ওই নারীর মৃত্যু হয়। আরিফুলের নাকের নিচে আঁচড়ের দাগ খুনের রহস্যের জট খুলে দেয়।

র‍্যাব জানায়, আরিফুল একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়েছিলেন। তাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। চলতি মাসের কিস্তির টাকা জোগাড়ের উদ্দেশ্যে তিনি চুরি করার পরিকল্পনা করেন। নিহত কুলসুমের স্বামী নুরুল আমিন কুয়েতে থাকেন। তার তিন সন্তানের মধ্যে দুই সন্তান আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে। ছোট সন্তানকে নিয়ে কুলসুম বাড়িতে থাকতেন। গত শুক্রবার তিনি ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে টিনের চাল কেটে মুখোশ পরে ঘরে ঢোকেন আরিফুল।

তবে ততক্ষণে কুলসুমের ঘুম ভেঙে যায়। এরপর আরিফুলের সঙ্গে কুলসুমের ধস্তাধস্তি হয়। তখন আরিফুল কুলসুমের হাত-পা বেঁধে মুখে স্কচটেপ পেঁচিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ধস্তাধস্তির সময় কুলসুমের নখের আঁচড়ে আরিফুলের নাকের নিচে ক্ষতচিহ্ন তৈরি হয়।

ভোরে ফজরের নামাজের জন্য বের হয়ে কুলসুমের ভাশুর ইসমাইল হোসেন পাশের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান। দরজা না খোলায় আশপাশের লোকজনকে ডাকা হয়। পাশের একটি ভবনের ছাদ থেকে ঘরের টিনের চাল কাটা দেখতে পান তারা। পরে ঘরে ঢুকে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহত নারীর বাবা বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা করেন। পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরিফুলের নাকের নিচে নখের আঁচড়ের দাগ দেখতে পান তদন্তকারীরা। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, ‘রবিবার রাতে ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকা থেকে আরিফুলকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনও কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে কয়েক কোটি টাকা নিয়ে উধাও, সেই পেজের মালিক গ্রেফতার
সর্বশেষ খবর
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি
উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর