২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট দিলেন চট্টগ্রামের মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০১ জুলাই ২০২৬, ০০:০২আপডেট : ০১ জুলাই ২০২৬, ০০:০২

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এই বাজেট ঘোষণা করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। 

বাজেট বক্তৃতায় মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ, আধুনিক প্রযুক্তিনির্ভর এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য।

মেয়র জানান, চসিকের অনুমোদিত জনবল ৪ হাজার ২২৬ হলেও প্রায় ৭০ লাখ নগরবাসীকে সেবা দিতে এ সংখ্যা যথেষ্ট নয়। এ কারণে দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে স্থায়ী করা হচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নতুন জনবল কাঠামো ও নিয়োগবিধি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, নালা ও ফুটপাথ দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস, টিসিবির পণ্য, ফ্যামিলি কার্ড এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দীর্ঘদিনের হকার সমস্যা সমাধানে ইপিজেড, আগ্রাবাদ, বহদ্দারহাট ও স্টেশন রোড এলাকায় চারটি ভূগর্ভস্থ মার্কেট নির্মাণের পরিকল্পনা আছে। এ বিষয়ে চীনের প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রেলওয়ে স্টেশনের পাশে হকারদের জন্য জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

কাজীর দেউড়িতে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জাদুঘর সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‌‘নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমানের অবদান তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

ডা. শাহাদাত হোসেন জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে চসিকের কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে- স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন এবং করপোরেশনের সব সেবা ডিজিটাল ব্যবস্থার আওতায় নিয়ে আসা।

চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ৪৪টি আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘এর মধ্যে কয়েকটির কাজ শুরু হয়েছে। এছাড়া বিএফআইডিসি সড়কে চসিকের আট একর জমিতে সেনাবাহিনীর উদ্যোগে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

রাজস্ব আদায়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মেয়র বলেন, ‘অতীতে অযৌক্তিকভাবে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তবে বড় শিল্পপ্রতিষ্ঠান, বন্দর, রেলওয়ে, কনটেইনার টার্মিনাল এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বকেয়া রাজস্ব আদায়ে কোনও ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামে প্রায় ১০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও ট্রেড লাইসেন্স রয়েছে দেড় লাখেরও কম। তাই ট্রেড লাইসেন্সের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে কাজ চলছে।’

তিনি বলেন, ‘স্মার্ট সিটি গড়ে তুলতে বিশ্বব্যাংকের অর্থায়নে ১৩৫ কিলোমিটার সড়কে সাড়ে পাঁচ হাজার স্মার্ট এলইডি সড়কবাতি স্থাপন করা হচ্ছে। এ ছাড়া ৪৫০ কোটি টাকার প্রকল্পে সৌর ও সাধারণ স্মার্ট সড়কবাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। নগরীর ৫৩টি মোড়ে স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা চালুর জন্য ২১৫ কোটি টাকার প্রকল্পের প্রস্তুতিও চলছে।’

পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘২০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে ২৫টি খাল থেকে প্রায় এক কোটি ঘনফুট মাটি ও আবর্জনা অপসারণ করা হয়েছে। এ ছাড়া নতুন কনটেইনার, পে-লোডার, খননযন্ত্র ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে। বর্তমানে নগরীতে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ টন বর্জ্য উৎপাদিত হয়, যার ৮১ শতাংশ সংগ্রহ ও ব্যবস্থাপনা করছে চসিক।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত লার্ভানাশক ও পূর্ণবয়স্ক মশকনাশক ওষুধ ছিটানো হচ্ছে জানিয়ে ডা. শাহাদাত বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ৬০ সদস্যের বিশেষ দল কাজ করছে। এ ছাড়া বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা, সচেতনতামূলক প্রচারণা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

/এএম/ 
সম্পর্কিত
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
কাটেনি জলাবদ্ধতা, কোথায় গেলো ১০ হাজার কোটি টাকা?
আরও ১ লাখ টন তেল নিয়ে দেশের পথে ‘এমটি নিনেমিয়া’
সর্বশেষ খবর
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
বিশ্বকাপে মেক্সিকোকে সমর্থন ইরানের
বিশ্বকাপে মেক্সিকোকে সমর্থন ইরানের
চট্টগ্রামে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে কিশোরের ১০ বছরের আটকাদেশ
চট্টগ্রামে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে কিশোরের ১০ বছরের আটকাদেশ
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা