নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন নজরুল ইসলাম শান্ত (২৩), মারুফ আহমেদ (২৫), মো. জসিম উদ্দিন (২৫), সাকিব হোসেন (২৭) ও বাবলু (২৫)।
গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, একটি গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও ধারণের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হয়ে মোটরসাইকেলে করে তারা যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে গাজীটোলা এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান এবং গুলিবিদ্ধ হন।
শান্ত দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও ‘পিচ্চি রিয়াদ’ নামে দুজনকে তিনি চিনতে পেরেছেন।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, স্থানীয় হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জের ধরে এ গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারীরা ওই পাঁচজনকে রায়হানের লোকজন মনে করে গুলি করেছে বলে সূত্রগুলো জানিয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, গুলিবিদ্ধ পাঁচজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
বেগমগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এএসআই মাসুদ রানা বলেন, রাত আনুমানিক ১২টার দিকে দুই গুলিবিদ্ধ যুবক থানায় এলে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আহতদের দেখতে পুলিশের একাধিক দল পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।









