২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং সম্পন্ন করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের মাঝে ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার বিশেষ উৎসাহ বোনাস দেওয়া হয়েছে। বন্দরের অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রম শান্তি বজায় রাখার লক্ষ্যে এ বোনাস দেওয়া হয় বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে এ উপলক্ষে চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রম শাখার তালিকাভুক্ত মোট ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে এই বিশেষ উৎসাহ বোনাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, বোনাসের পুরো অর্থ বহন করা হয়েছে ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে। রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের পেছনে শ্রমিক-কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই বোনাস দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ উপলক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক ও প্রতিনিধিদের হাতে বিশেষ উৎসাহ বোনাসের চেক তুলে দেওয়া হয়।








