চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হলো। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবরার নামে আট বছর বয়সী এক রোগী মারা গেছেন। শিশুটি চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার বাসিন্দা ছিলেন। গত ৩ সেপ্টেম্বর ওই শিশুকে ডেঙ্গু উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায় সে।
এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুজন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ জন ভর্তি রয়েছেন। এছাড়াও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ৭ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, চট্টগ্রামে শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৫ জন। মারা গেছেন ১০ জন। এরমধ্যে চলতি মাসে ১২ দিনে ৭৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৫ জন।









