চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট বি ব্লকের ১০ তলা ভবনের সাত তলার একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেটের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি বলেন, আগুনে সাত লাখ টাকার কাপড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।








