রাঙামাটির অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। ফলে শুক্রবার থেকেই পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী নিজেই।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের গত ১১ অক্টোবর জারি করা নির্দেশনার পরিবর্তনক্রমে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উম্মুক্ত করা হলো।
জেলা প্রশাসন সূত্র জানায়, আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং ভ্রমণপ্রত্যাশীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তে পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সমবায়গুলোর দীর্ঘদিনের স্থবিরতা কেটে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি পুনরায় পর্যালোচনার মাধ্যমে পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুপর্ণ দেব বর্মণ। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। এতে পর্যটন খাতের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাই আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন।’
একই দিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ছয় দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে স্থানীয় দুটি সংগঠন। সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে যানবাহন চলাচলে কোনও বাধা থাকছে না। এই সময়ে সড়কে অবরোধ স্থগিত থাকবে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুটি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেক এলাকায় অবরোধ ঘোষণা করা হয়েছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পর্যটকদের সুরক্ষায় সাজেক ভ্যালিতে ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন।
তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ছয় দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেয় স্থানীয় সংগঠন দুটি। এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়।
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত