ভূমিকম্পে ফেনীতে হেলে পড়া চার তলা একটি ভবনসহ পার্শ্ববর্তী ভবনগুলোর ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ওই কমিটির সদস্যরা মঙ্গলবার হেলে পড়া ভবন পরিদর্শন করেছে। কমিটির সুপারিশ অনুযায়ী, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে ফেনী পৌরসভা।
গত ১৩ এপ্রিল সন্ধ্যায় ভূমিকম্পের সময়ে শহরের সুলতানপুর এলাকায় চার তলা ভবন হেলে পড়লে পার্শ্ববর্তী ভবনগুলো ঝুঁকিতে পড়ে। ওইসব ভবন মানুষের বসবাস উপযোগী কিনা তা নির্ধারণ করতে ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসানের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এনামুল হক এ কমিটির প্রধান।
এনামুল হক বলেন, ‘ভূমিকম্পে হেলে পড়া চৌধুরী ভবনসহ আশপাশের কিছু ভবন আমরা পরিদর্শন করেছি। এই ব্যাপারে কমিটির সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’
/এসটি/








