বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন আজ। এ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে দলটি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনে সারা দেশ থেকে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, বিভিন্ন জাতিসত্ত্বা, দলিত জনগোষ্ঠীসহ জনগণের বিভিন্ন অংশ উপস্থিত থাকবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন– ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, পাকিস্তানের আওয়ামী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পারভেজ জাহিদ, শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা, নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র বাহাদুর সিং ও নেপালের বামপন্থি বুদ্ধিজীবী কুমার উপাধ্যায়।
তারা কনভেনশনে বক্তব্য রাখার পর ১৪ নভেম্বর বিকালে বিজয়নগরের ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার কনভেনশন শুরুর আগে দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
পর দিন ১৪ নভেম্বর বিকাল ৩টায় ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘দ্য ইমপ্যাক্ট অব পিপলস স্পনটেনিয়াস মুভমেন্ট অ্যান্ড আপরাইজিংস ইন রেজিস্টিং ফ্যাসিজম’ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৫ ও ১৬ নভেম্বর ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে প্রতিনিধি সভা হওয়ার কথা রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।