‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’

কুমিল্লা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০

আগামী ১০ বছরেও দেশে সরকারের পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিম ভূঁইয়া।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সেলিম ভূঁইয়া বলেন, ‘সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী ১০ বছরও নেই। ১০ বছরের গ্যারান্টি দিয়ে দিলাম।’

তিনি বলেন, ‘এ দেশের লোক যেই ভোট যেভাবে আমাদেরকে দিছে, অনেক প্রত্যাশা নিয়ে দিছে। সুতরাং লোকেরা এখন জানেন, যা করার বিএনপি করবে।’

শিক্ষা প্রশাসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিষয়ে অভিযোগ থাকলে তা তাকে জানানোর আহ্বান জানান শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনও ফ্যাসিস্ট যদি এখনও বোর্ড অফিস (শিক্ষা বোর্ড) বা পরিচালকের অফিস অথবা শিক্ষাসংশ্লিষ্ট উইংসে থাকেন, ডকুমেন্টস আমার কাছে পাঠাবেন। আমি সেগুলো দেখবো। ১৭ বছর অনেক জুলুম-অত্যাচার আমরা সহ্য করেছি।’

কুমিল্লাকে শিক্ষার অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে সেলিম ভূঁইয়া বলেন, ‘কুমিল্লাকে আমরা শিক্ষার জোন হিসেবে দেখতে চাই। ...যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি, যত সমস্যা আছে আমাকে বলেন।’

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, ‘এখন নুরুল ইসলাম নাহিদরে ধরার পরে অনেকের গাত্রদাহ, আরে এত বড় একটা বয়স্ক লোক! আমাদের মরহুম এম কে আনোয়ার সাহেবের বয়স ছিল কত? ৭৮ বছর। উনারে ধরা হইছে না?...আবার হ্যান্ডকাফও লাগাইতো। আমারে হ্যান্ডকাফ পরাইয়া টাইনা নিয়ে আসতো কোর্টের মধ্যে।’

বিএনপিদলীয় এই সংসদ সদস্য উল্লেখ করেন, তারা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। তবে কাউকে বেপরোয়া হতে দেওয়া হবে না।

সম্মেলনে শিক্ষকদের বদলি নিয়ে ভোগান্তির কথা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, ‘এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের এক জেলা থেকে অন্য জেলায় পাঠানোর কারণে অনেকেই পারিবারিক ও সামাজিক সমস্যায় পড়ছেন। সিলেটের এক নারী শিক্ষককে বগুড়ায় এবং রংপুরের এক নারী শিক্ষককে বরিশালে পাঠানোর উদাহরণ দেন তিনি।’

এই সংসদ সদস্য বলেন, ‘চাকরির কারণে অনেক নারী শিক্ষককে স্বামী-সন্তান ও পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। কেউ কেউ পারিবারিক চাপের মুখে পড়ছেন। এমনকি চাকরি করতে গিয়ে কারও কারও সংসার ভেঙে যাওয়ার ঘটনাও ঘটছে।’

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের বাকশিসের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সারোয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম